তিন বারের মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হুঁশিয়ারি ভারতের ক্যাপ্টেন মিতালির
সামনে তিন বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। মহিলাদের বিশ্বকাপে মোট ছয় বার ফাইনালে খেলেছে তারা। তবুও রবিবারের খেতাবি লড়াইয়ের আগে এমন হেভিওয়েট প্রতিপক্ষকেও রেয়াত করছেন না ভারতীয় দলের ক্যাপ্টেন মিতালি রাজ। আসলে সেমি-ফাইনালে ছয় বারের বিশ্বসেরা অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন ভারতের মেয়েরা। আর সেই মনোবলই মিতালি-ঝুলনদের সাহস জোগাচ্ছে প্রথমবার দেশকে মহিলাদের বিশ্বকাপ এনে দেওয়ার।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমি-ফাইনালে ভারতের জয়ের কাণ্ডারি হয়ে ওঠা হরমনপ্রীত কাউরের ভূয়সী প্রশংসা করেছেন মিতালি রাজ। পাঞ্জাবের ২৮ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসওম্যানটির ১১৫ বলে অপরাজিত ১৭১ রানের ইনিংস প্রসঙ্গে তিনি বলেন, ‘অবিশ্বাস্য ব্যাটিং করেছে হরমনপ্রীত। প্রায় একার হাতেই সে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়াকে। ওর জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। পাশাপাশি বোলারদেরও তারিফ করতে হবে। ঝুলন সেরা ছন্দে ফিরে এসেছে। শিখা পান্ডেও ভালো ফর্মে রয়েছে। আবার স্পিনাররাও প্রতি ম্যাচে কার্যকরী ভূমিকা পালন করছে। আর সে জন্যই সম্ভব হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত জয় নিশ্চিত করে ফাইনালে পৌঁছানো।’ বৃহস্পতিবারের বিধ্বংসী ইনিংস খেলার সময় হরমনপ্রীতের পিঠে টান ধরেছিল। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিতালি জানান, ‘আমার দৃঢ় বিশ্বাস, দ্রুত সুস্থ হয়ে উঠে ফাইনালে খেলতে নামবে হরমনপ্রীত। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’
