আর্সেনালের সঙ্গে নতুন চুক্তির দ্বারপ্রান্তে মেসুৎ ওজিল
আর্সেনালের সঙ্গে নুতন চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছেন ক্লাবটির প্লে মেকার মেসুৎ ওজিল। শুক্রবার ব্রিটিশ গনমাধ্যমের রিপোর্টে একথা জানানো হয়েছে।
গণমাধ্যমের রিপোর্টে বলা হয়, প্রতি সপ্তাহে বেতন বাবদ আনুমানিক ২লাখ ৮০ হাজার পাউন্ড প্রদান সাপেক্ষে ২৮ বছর বয়সি এই ফুটবলারকে নতুন চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। এর ফলে তিনিই হবেন ক্লাবটির সবচেয়ে বেশী বেতনধারী ফুটবলার। যদিও ওজিলের আসল আয়ের পরিমান ৩লাখ ৫০ হাজার পাউন্ড ছিল বলে ধারনা করা হচ্ছে।
এই গ্রীষ্মেই ওজিল ও চিলির আন্তর্জাতিক তারকা এ্যালেক্সিস সনাচেজ এমিরেটস স্টেডিয়াম ছেড়ে অন্যত্র পাড়ি জমাতে যাচ্ছে বলে গুজব ওঠেছিল। তন্মধ্যে সানচেজের জন্য ইউরোপের সবচেয়ে বড় ক্লাবগুলো আগ্রহ দেখিয়েছে বলে গণমাধ্যমের রিপোর্টে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০১৩ সালে ৪২.৫ মিলিয়ন পাউন্ডের একটি চুক্তির বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে উত্তর লন্ডনের এই ক্লাবে যোগ দিয়েছিলেন ওজিল।
