মার্কিন প্রেসিডেন্টের সদর দপ্তর হোয়াইট হাউজের মুখপাত্র সিন স্পাইসার তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক হিসেবে অ্যান্থনি স্ক্যারামুসির নাম ঘোষণার পর স্পাইসার আজ (শুক্রবার)পদত্যাগ করেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউজের মুখপাত্রের দায়িত্বে থাকার জন্য বলেছিলেন কিন্তু তিনি তাতে রাজি হন নি এবং স্ক্যারামুসির নিয়োগকে বড় ধরনের ভুল বলে অভিহিত করেছেন। নিউ ইয়র্ক টাইমস এ তথ্য দিয়েছে। গত মে মাসে মাইক দুবকে যোগাযোগ পরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর পর থেকে পদটি শূণ্য রয়েছে।
সিন স্পাইসার
ধারণা করা হচ্ছে- স্পাইসারের পদত্যাগের পর হোয়াইট হাউজের বিভিন্ন পদে আরো পরিবর্তন আসতে পারে। গত প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত চলছে এবং হোয়াইট হাউজে এক ধরনের টালমাটাল অবস্থা বিরাজ করছে। স্পাইসারের পদত্যাগ অনেকটা তারই ইঙ্গিত দিচ্ছে।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের লিগ্যাল কমিটি থেকে পদত্যাগ করেছেন উপদেষ্টা মার্ক কোরালো। নিয়োগের দুই মাসের তিনি পদত্যাগ করলেন। এর আগে ট্রাম্প প্রশাসন থেকে আরো কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা পদত্যাগ করেছেন। বেশ কয়েকজনকে বরখাস্তও করেছেন ট্রাম্প।#
