দঃ আফ্রিকার হয়ে খেলবেন পিটারসেন?
বয়স বাড়লেও খিদে মরেনি! কেভিন পিটারসেন এখনও জাতীয় দলের হয়ে বাইশ গজের লড়াইয়ে নামার স্বপ্ন দেখেন। তবে এবার আর ইংল্যান্ডের হয়ে ব্যাট ধরা নয়। পিটারসেনের লক্ষ্য নিজের জন্মভূমির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে আলো জ্বালানো! শুনতে একটু অবাক লাগলেও ইংরেজদের জাতীয় দলের হয়ে একশোরও বেশি টেস্ট খেলে আট হাজারেরও বেশি রান করা কেপি বুধবার দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন। ২০১৩-’১৪ মরশুমের অ্যাসেজ সিরিজ খেলার পর আর ইংল্যান্ডের জাতীয় দলে সুযোগ পাননি পিটারসেন। সেই হিসেবে ২০১৯ সালে তিনি যদি প্রোটিয়াদের হয়ে মাঠে নামতে চান তাহলে নিয়মে আটকাবে না। ৩৭ বছরের এই ব্যাটসম্যান তেমন সম্ভাবনাকে এদিন নিজেই উসকে দিয়েছেন। বুধবার ইংল্যান্ডের টোয়েন্টি-টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের বিরুদ্ধে ঝকঝকে অর্ধশতরান করে সারেকে জেতানোর পর মিডিয়ার সামনে এসে বলেন, ‘আপনারা দু বছর পরের কথা বলছেন। দেখা যাক কী হয়। কে বলতে পারে কী হবে! তখন কী অবস্থায় থাকব সেটাও তো মাথায় রাখতে হবে। আমি ব্যাটিং করতে খুব ভালবাসি। ব্যাটিং শিল্পকে যতদিন অনুভব করব, ততদিন মাঠে থাকতে চাই। যতদিন উপভোগ করতে পারব থামার প্রশ্নই নেই। আর শুনে রাখুন আগামী দু বছর দক্ষিণ আফ্রিকায় প্রচুর ক্রিকেট খেলব। তারপর দেখা যাক!’ এই যে তিনি দক্ষিণ আফ্রিকায় প্রচুর ক্রিকেট খেলবেন বলছেন, সেটাই কৌতুহল বাড়িয়েছে। তা হলে কি জাতীয় দলের জার্সিটাও গায়ে গলাবেন? কেপি ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি। ফলে জল্পনা বাড়ছে।
