রেকর্ড পরিমাণ মুনাফা আয়ের ঘোষণা ম্যানচেস্টার ইউনাইটেডের
গত মৌসুম থেকে রেকর্ড পরিমাণ মুনাফা আয়ের ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার ক্লাবটি জানায় , ইউরোপা লীগ ও লীগ কাপের শিরোপা অর্জন এবং চ্যাম্পিয়ন্স লীগে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে একটি সফল মৌসুম শেষ করেছে তারা।
জুনের শেষে ১২ মাসে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি ৫৮১.২ মিলিয়ন পাউন্ড মুনাফা করেছে বলে ঘোষণা দিয়েছে। আর অপারেটিং মুনাফা অর্জিত হয়েছে ৮০.৮ মিলিয়ন পাউন্ড। বর্তমান অর্থ বছরেও ক্লাবটি একই রকম মুনাফা অর্জন করবে বলে আশা করছেন প্রধান কোচ হোসে মরিনহো।
ইউনাইটেডের নির্বাহী ভাইস চেয়ারম্যান ইডি উডওয়ার্ড বলেন, ‘তিনটি ট্রফি অর্জনের মধ্য দিয়ে আমরা ২০১৬/১৭ মৌসুমটি সফলভাবে শেষ করেছি। ফের চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা আমাদের স্কোয়াডের জন্য বিনিয়োগ করে সন্তুষ্ট। এখন দুর্দান্ত একটি মৌসুম কাটানোর জন্য অপেক্ষা করছি।’
