গাড়ী দুর্ঘটনায় আহত ম্যানসিটি তারকা এগুয়েরো
হল্যান্ডের আমস্টার্ডামে এক গাড়ী দুর্ঘটনায় আহত হয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফুটবল তারকা সার্জিও এগুয়েরো। দুর্ঘটনার বিষয়টি গতকাল নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
তার আঘাত কতটা গুরুতর ক্লাবের চিকিৎসতরা এখন তা নির্ণয় করবেন। চিকিৎসকরা। সপ্তাহের শেষভাগে প্রিমিয়ার লীগের ম্যাচে চেলসির মোকাবেলা করার প্রস্তুতি নিচ্ছে পেপ গার্দিওলার শিষ্যরা। ২৯ বছর বয়সি এ স্ট্রাইকারের পাঁজরের হাড় ভেঙ্গে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। যদি সেটি সত্যি হয় তাহলে অন্তত দুই মাসের জন্য তাকে মাঠের বাইরে চলে যেতে হবে । তবে আর্জেন্টিনার এই আন্তর্জাতিক তারকার চোটের ধরণ সম্পর্কে এখনো কিছু জানায়নি সিটি।
ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজই ক্লাবের চিকিৎসকরা তার আঘাত পর্যালোচনা করবে। ছুটির দিন কাটাতে হল্যান্ড সফরে গিয়েছিলেন এই সিটি স্ট্রাইকার। সেখানেই তিনি দুর্ঘটনার কবলে পড়েছেন। আজ সকালে তিনি ম্যানচেস্টারে এসে পৌছান। চেলসির বিপক্ষে প্রিমিয়ার লীগের ম্যাচে অংশগ্রহণের আগেই তার প্রকৃত অবস্থা জানা যাবে।’
ডিসেম্বর পর্যন্ত আগামী দুই মাসে তিনটি টুর্নামেন্টে গার্দিওলা বাহিনীর অন্তত ১২ টি ম্যাচে অংশ নিতে হবে। তন্মধ্যে ইউরোপীয় ম্যাচ রয়েছে তিনটি।
