
পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডেতে বিশ্রাম দেয়া হয়েছে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। জল্পনা সঠিক হলে ঘরের মাটিতে দেশের জার্সিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন এই কিংবদন্তি।
ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন না এমএস ধোনি তাকে বিশ্রাম দেয়া হয়েছে।
শুক্রবার রাঁচিতে অস্ট্রেলিয়ার কাছে তৃতীয় একদিনের ম্যাচের হারের পর সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন বাঙ্গার।
এই ম্যাচে বিরাট কোহলি নিজের ৪১তম সেঞ্চুরিটিও সেরে ফেলেছেন। কিন্তু জয়ের জন্য তার একার বড় রান যথেষ্ট ছিল না। যে কারণে ৩২ রানে হেরে যেতে হয়েছে স্বাগতিকদের।
গুঞ্জন রয়েছে বিশ্বকাপের পর নিজের গ্লাবস জোড়া তুলে রাখবেন এমএস ধোনি। আগামী ৩০ মে থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। যদি তাই হয় তা হলে ঘরের মাঠেই দেশের মাটিতে খেলা শেষ করলেন ভারতের সর্বকালের সেরা এই অধিনায়ক।
শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু ভারতীয় বোলাররা তেমন কিছুই করতে পারেননি। যার ফলে বড় রান করতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ভারতের সামনে লক্ষ্য এসে দাঁড়ায় ৩১৪ রানের।
এত বড় রানের লক্ষ্যে নেমে ভিতটাই তৈরি করতে পারেননি ভারতের ওপেনাররা। একা বিরাট কোহলিও যা লড়ে গেলেন। তার প্রথম ৫০ রান এল ৫২ বলে। দ্বিতীয়টি এল ৩৩ বলে। তার ৯৫ বলে ১২৩ রানের ইনিংস যদিও ভারতকে জয় এনে দিতে পারল না।
No comments: