ট্রাম্পের সাবেক সহযোগীর ৪৭ মাস কারাদণ্ড
কর ফাঁকি ও ব্যাংকের টাকা জালিয়াতির দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী ব্যবস্থাপক পল ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
একইসঙ্গে তাকে ২৪ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ৫০ হাজার ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ার আদালত শুনানি শেষে তার বিরুদ্ধে এই রায় দেন বলে বিবিসি জানিয়েছে।
ব্যবসায়ী পল ম্যানাফোর্ট দীর্ঘদিন ধরে রিপাবলিকান দলের রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে অভিযুক্ত হন তিনি।
ওই ঘটনার তদন্তের দায়িত্ব পাওয়া মার্কিন বিচার বিভাগের বিশেষ উপদেষ্টা রবার্ট মুলার মানাফোর্টের বিরুদ্ধে মুদ্রা পাচারের মতো আর্থিক অপরাধের অভিযোগের পাশাপাশি প্রমাণ নষ্ট করার অভিযোগ এনেছেন।
রবার্ট মুলার আশা প্রকাশ করে বলেছেন, ২২ মাসের দীর্ঘ তদন্ত কাজ প্রায় শেষের দিকে।
এসব অভিযোগের শুনানি শেষে আদালত মানাফোর্টের বিরুদ্ধে এই রায় দিয়েছেন। গত নয় মাস ধরে পুলিশের হেফাজতে ছিলেন ম্যানাফোর্ট।
রায়ের দিন আদালতের সামনে ৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট বলেন, এই দুই বছর আমার জীবনে সবচেয়ে কঠিন সময় ছিলো। আমি অপমানিত ও লজ্জিত। এই সময়ে পেশাগত ও আর্থিকভাবেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি।
এছাড়া মানাফোর্টের বিরুদ্ধে অবৈধ তদবিরের আরেকটি মামলার রায় আগামী সপ্তাহে দেয়া হবে। ওই রায়েও তার সাজা হবে বলে ধারণা করা হচ্ছে।
বিচারক টিএস এলিস বলেন, মানাফোর্ট তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ না করায় আমি বিস্মিত হয়েছি।
Tag: world

No comments: