সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালককে দুদকে তলব
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়াকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মেডিকেল যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম ও শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাকে তলব করা হয়।
রোববার দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশে আগামী ৫ ডিসেম্বর তাকে উপস্থিত হয়ে বক্তব্য প্রদানের জন্য বলা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপ-পরিচালক শাসছুল ইসলাম সই করা চিঠির সূত্রে এসব তথ্য জানা যায়।
নোটিশে উত্তম কুমারকে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট ও ২০১৫-১৬ অর্থবছর থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত মেডিকেল কলেজের যন্ত্রপাতি ক্রয়ের তালিকা ও ব্যয়িত অর্থের হিসাবের নথিপত্র সঙ্গে নিয়ে আসার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, রোববার (১ ডিসেম্বর) একটি জাতীয় দৈনিক পত্রিকায় এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে উত্তম কুমারের দুর্নীতির চিত্র। কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
Tag: others

No comments: