কিশোরগঞ্জে সরকারি চাল আত্মসাত, জেলা পরিষদের সদস্য আটক
কিশোরগঞ্জে সরকারি চাল আত্মসাত, জেলা পরিষদের সদস্য আটক
জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান। ফাইল ছবি
কিশোরগঞ্জের কটিয়াদীতে সরকারি চাল আত্মসাতের অভিযোগে জেলা পরিষদের সদস্য কামরুজ্জামানকে (৩৫) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে কটিয়াদী উপজেলার সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া থেকে তাকে আটক করা হয়। আটক কামরুজ্জামান ওই এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।
পুলিশ জানায়, জেলা পরিষদ কর্তৃক বাংলাদেশ সরকারের (এডিপি) থেকে করোনা সংকটে থাকা অসহায় ও কর্মহীন ৪৫০জন পরিবারের ত্রাণ বরাদ্দ দেয়া হয়। প্রতি একজনের জন্য বরাদ্দ দেয় ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি তেল, ২টি সাবান ও ২টি মাস্ক।
সেখানে উপজেলা নির্বাহী অফিসার ও তার প্রতিনিধি হিসেবে পরিকল্পনা কর্মকর্তাকে (পিআইও) উপস্থিত রেখে ত্রাণ বিতরণের নির্দেশনা দেয় হয়।
কিন্তু, তাদের কাউকে না জানিয়ে প্রতি প্যাকেটে ২-৩কেজি করে চাল কম দিয়ে ত্রাণ বিতরণ করছেন জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ২০০ প্যাকেট ত্রাণ উদ্ধার করে পুলিশ।
এ সময় তারা অভিযোগের সত্যতা পায়। ২৬টি প্যাকেট বাদে বাকি সবগুলোতে চালের পরিমাণ কম রয়েছে।
পরে পুলিশ সেগুলো জব্দ করে জেলা পরিষদ সদস্য কামরুজ্জামানকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Tag: Zilla News

No comments: