নড়াইলে ভিজিএফ’র চাল আত্মসাত, ইউপি সদস্যের কারাদণ্ড
নড়াইলে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের চাল আত্মসাতের দায়ে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সোহরাব বিশ্বাসকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে সহযোগিতা করার দায়ে ডিটার পিয়ারী বেগমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায় এ দণ্ডাদেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সোহরাব বিশ্বাস ২০১৬ সাল থেকে রামেশ্বরপুর গ্রামের জরিনা বেগম ও শিউলী বেগমের নামে কার্ড তৈরি করে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল ডিলারের সঙ্গে যোগসাজশে আত্মসাত করে আসছিলেন।
এ বিষয়টি জানতে পেরে ওই দুই নারী অভিযোগ দিলে শনিবার বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৃষ্ণা রায় খাদ্য বান্ধব কর্মসূচির দশ টাকা কেজির চালের দুইটি কার্ডের চাল আত্মসাতের অভিযোগে মাইজপাড়া ইউনিয়নের রামেরশ্বর এলাকার ইউপি সদস্য সোহরাব বিশ্বাসকে ৩ মাসের কারাদণ্ড এবং আত্মসাতে সহযোগিতার অভিযোগে ডিলার পিয়ারী বেগমকে ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
Tag: Zilla News

No comments: