ইংল্যান্ড সফরে গিয়ে ১৪ দিনের আইসোলেশন পর্ব শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। করোনাভাইরাস আশঙ্কা কাটিয়ে ৮ জুলাই মাঠে নামবে দু'দল। এদিকে টেস্ট জার্সিতে নিজেদের নামের বদলে করোনা যোদ্ধাদের নাম নিয়ে খেলতে নামবেন ইংলিশ ক্রিকেটাররা। করোনার সঙ্গে লড়াই করা মানুষদের সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানায় তারা।
লম্বা সময় পর সরব হচ্ছে ক্রীড়াঙ্গন। ফুটবলের পর ক্রিকেটের ২২ গজেও হাওয়া লেগেছে। একের পর এক স্থগিত হওয়া সিরিজগুলো আলোর মুখ দেখতে শুরু করেছে।
করোনা ভয়কে পাশ কাটিয়ে এরই মধ্যে ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে গিয়েছে ক্যারিবিয়ানরা। শর্ত অনুযায়ী মানতে হয়েছে স্বাস্থ্যবিধি। ইংল্যান্ড পৌঁছেই ১৪ দিনের আইসোলেশন পর্বও শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ দল।
গেল ৯ জুন ইংল্যান্ডে পা রেখে ওল্ড ট্রাফোর্ডে হোটেলবন্দী হয়ে পড়ে ক্যারিবীয় ক্রিকেটাররা। নিয়মানুযায়ী ১৪ দিনের সঙ্গনিরোধ কাটিয়ে বের হয়েছেন তারা। ১ জুলাই স্বাগতিক ইংল্যান্ডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে হোল্ডার, কেমার রোচদের।
এদিকে, ৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া দু'দলের টেস্ট সিরিজের নাম দেয়া হয়েছে 'রাইজ দ্য ব্যাট' সিরিজ। কোভিড নাইন্টিন মোকাবিলায় সাহসী ভূমিকা রাখা মানুষদের সম্মানে এই নামকরণ বলে জানায় দেশটির ক্রিকেট বোর্ড।
টেস্ট সিরিজের জার্সিতে নিজেদের নাম ছাড়া খেলতে নামবেন রুট-স্টোকসরা। নিজের নামের বদলে জার্সিতে থাকবে করোনা যোদ্ধাদের নাম। ডাক্তার, নার্স, শিক্ষক, সমাজকর্মী ও ভলান্টিয়ারসহ করোনা মোকাবিলায় যারা অগ্রণী ভূমিকা রাখছেন তাদের উৎসর্গ করেই এই সিরিজ অনুষ্ঠিত হবে।
এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টে খেলার জন্য পুরোপুরি ফিট বলে জানিয়েছেন ইংলিশ পেসার জোফরা আর্চার। কনুইয়ের ইনজুরি কাটিয়ে ক্যারিবীয়ানদের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন।
No comments: