সচেতনভাবে দায়িত্ব পালন করতে গিয়েও কখনো কখনো আম্পায়ারদের সিদ্ধান্তে ভুল হয়ে যায়। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে এমন মন্তব্য করেছেন আইসিসির সাবেক আম্পায়ার স্টিভ বাকনার। ভুল করে দু'বার শচীনকে আউট দেয়ার কথাও স্বীকার করেছেন তিনি। এদিকে, ভারতীয় সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলেকে সেরা ম্যাচজয়ী হিসেবে অভিহিত করেছেন হরভজন সিং।
ক্রিকেট মাঠে নির্ভুল বিচারকের ভূমিকা পালন করতে হয় আম্পায়ারকে। সব ধরণের দায়িত্ব পালনে দিতে হয় কঠিন এক পরীক্ষা। বিচারকার্যে ভারসাম্য না থাকলে সইতে হয় নানা সমালোচনা।
তবুও মানুষ মাত্রই ভুল। ভুল করতে না চাইলেও ভুল হয়ে যায়। মাঠের সিদ্ধান্ত অনেক সময়ই বিপক্ষে যায় ক্রিকেটারদের। তাতে হয়তো তৎক্ষণাৎ কিছুই করার থাকে না আম্পায়ারদের। কিন্তু কখনো কখনো আক্ষেপে পুড়তে হয় তাদের।
এবার তেমনই আক্ষেপের কথা বেরিয়ে এলো বিশ্বনন্দিত আম্পায়ার স্টিভ বাকনারের কাছ থেকে। ভারতের লিজেন্ডারি ক্রিকেটার শহীন টেন্ডুলকারকে দুইবার ভুল করে আউট দিয়েছিলেন বলে আক্ষেপ করেন স্টিভ বাকনার। ইচ্ছেকৃত নয়, বরং বোলারদের আবেদনের প্রেক্ষিতেই এমনটা দিতে হয়েছিল বলে জানান স্টিভ বাকনার।
২০০৩ সালে জেসন গিলেস্পির বলে শচীনকে ভুল এলবিডব্লিউ আউট দিয়েছিলেন আইসিসির অন্যতম সেরা এই আম্পায়ার। এছাড়া ২০০৫ সালেও ইডেন গার্ডেনেও ভুলের শিকার হয়েছিলেন শচীন। সেবার পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাকের বলে ভুল আউট দিয়েছিলেন বলে জানান বাকনার।
সাবেক আম্পায়ার স্টিভ বাকনার বলেন, আম্পায়াররা কখনো ইচ্ছাকৃত ভুল করে না। কোন মানুষই একশভাগ পারফেক্ট নয়। ভুল হয়ে যায়। হাজার হাজার দর্শক আর প্রতিপক্ষ দলের চাপ থাকে মাঠে। সবমিলিয়ে বিবেচনা করে অনেক সময় ভুল সিদ্ধান্ত আসে। তবে ভুল সিদ্ধান্ত দিলে জন্য আমরা খুব একটা খুশি থাকতে পারি না। এটা জীবনেরই একটা অংশ।
এদিকে, ভারতীয় সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলেকে প্রশংসায় ভাসিয়েছেন আরেক সাবেক সতীর্থ হরভজন সিং। অনিল কুম্বলেকে ভারতীয় দলের অন্যতম ম্যাচ জয়ী খেলোয়াড় হিসেবে অভিহিত করেন তিনি। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে কুম্বলের সঙ্গে খেলার নানা স্মৃতিও তুলে ধরেন হরভজন।
শেন ওয়ার্ন এবং মুরালিধরনের পর তৃতীয় স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের অধিকারী অনিল কুম্বলে।
No comments: