নেইমারের সঙ্গী হবেন রোনালদো?
ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের বিভিন্ন লিগে যিনি জাদুকরী ছন্দে মাতিয়েছেন। নিজ দেশ পর্তুগিজের হয়ে তো মাঠ মাতিয়েছেন। এর বাইরে ক্লাব ফুটবলকেও সমৃদ্ধ করেছেন পারফরমেন্স দিয়ে। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছয় বছর রোনালদো কাটিয়েছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। এরপর নাম লেখান রিয়াল মাদ্রিদে। হয়ে ওঠেন কিংবদন্তি এক ফুটবলার।
২০০৯ থেকে ২০১৮, একটানা নয় বছর রিয়ালের হয়ে খেলেছেন। ২০১৮ সাল থেকে এখন অবধি আছেন ইতালিয়ান ক্লাব য়্যুভেন্তাসে। আবারো কি দলবদল করবেন? চাইলেই কি আগের মতো হুটহাট ক্লাব বদল সম্ভব? কিন্তু নামটা যখন রোনালদো, তখন হয়তো সবই সম্ভব। এবার প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) খেলার আগ্রহ প্রকাশ করেছেন রোনালদো। 'ফ্রান্স ফুটবল'-এর প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
ফরাসি ম্যাগাজিনটির দাবি, য়্যুভেন্তাসে সময় খারাপ কাটছে না রোনালদো। তবে খুব একটা যে খুশি, সেটাও না। করোনাভাইরাস লকডাউনের আগেই ওল্ড লেডি শিবির ছেড়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল। তবে সেটি সত্য হতে পারে সামনের মৌসুমেই। যদিও পিএসজির পক্ষ থেকে এখনো কোনো খবর শোনা যায়নি।
তবে রোনালদোর মতো একজন খেলোয়াড়কে খুব সহজে দলে টানতে পারবে ফরাসি ক্লাবটি তাও হয়তো সম্ভব না। রোনালদো বলে কথা। তাকে দলে ভেড়াতে বেশ কাঠখড় পোড়াতেই হবে পিএসজিকে। তাতে সফলতা আসুক বা না আসুক, রোনালদোকে পেতে হয়তো এটি করতেই চাইবে ক্লাবটি। আর সেটি হলে নেইমার-রোনালদো স্বপ্নের মতো জুটি দেখবে ফুটবল বিশ্ব।

No comments: