ইনজুরিতে কৌতিনিয়ো
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। এল ক্লাসিকো হারের পর এবার আরও একটা দুঃসংবাদ যোগ হলো। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন ক্লাবটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের পুরো ৯০ মিনিটই খেলেছিলেন কৌতিনিয়ো। গোলের একটা সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছিলেন। তবে ম্যাচ শেষে আরও হতাশার খবর পেয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেলেন মাঠের বাইরে।
বার্সেলোনা কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি ঠিক কত দিনের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন কৌতিনিয়ো। তবে এমন চোটের জন্য অন্তত তিন সপ্তাহের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে বলে ধারণা করছে বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যম।
বার্সেলোনার ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় ধারে এক মৌসুম বায়ার্ন মিউনিখে কাটিয়ে আবারও ফিরেছেন ক্যাম্প ন্যুতে। চলতি মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে ৬ ম্যাচ খেলে করেছেন ২ গোল। মাঠের বাইরে ছিটকে যাওয়ায় জুভেন্তাসের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচও খেলা হবে না কৌতিনিয়োর।
Tag: Advertisement games

No comments: