ব্রেক্সিট : বাণিজ্য চুক্তি নিয়ে মুখোমুখি আলোচনায় যুক্তরাজ্য-ইইউ
ইইউর প্রধান সমন্বয়ক মিশেল বার্নিয়ার বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য গতকাল শনিবার লন্ডনে পৌঁছান। ছবি : সংগৃহীত
বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে আবারও মুখোমুখি আলোচনা শুরু হয়েছে। ইইউ ও যুক্তরাজ্যের মধ্যে সম্পর্ক শেষ হওয়ার আগে মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে চুক্তিতে পৌঁছানোর জন্য এ আলোচনাকে শেষ চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এরই মধ্যে ব্রেক্সিট বিষয়ে ইইউর প্রধান সমন্বয়ক মিশেল বার্নিয়ার গতকাল শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন। এর আগের দিন শুক্রবার রাতে তিনি বলেছিলেন, লন্ডনে আবারও যেতে পারায় তিনি ‘অনেক খুশি’ এবং ‘ধৈর্য ও সংকল্প’ নিয়ে কাজ করে যাবেন।
বার্নিয়ার এবং যুক্তরাজ্যের প্রধান সমন্বয়ক ডেভিড ফ্রস্ট আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। উভয়পক্ষই একে অপরকে তিনটি প্রধান বিষয়ে সমঝোতার আহ্বান জানাচ্ছে। সেগুলো হলো—মাছ ধরা, রাষ্ট্রীয় সহায়তা ও ভবিষ্যতে যেকোনো বিরোধ সমাধান করতে পারার উপায়।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রেক্সিটের অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারলে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মেনে এই দুই অংশের মধ্যকার আমদানি-রপ্তানি বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে এবং ভোক্তা পর্যায়ে খরচ বাড়বে। তবে দুপক্ষই বলে আসছে, তারা অনেক কিছুতেই ছাড় দিতে রাজি।
Tag: English News lid news world

No comments: