আলভেসের কাছে হারল রিয়াল মাদ্রিদ
আরেকটি হার দেখল রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত
লা লিগায় আলভেসের বিপক্ষে পথ হারাল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে দুর্বল রক্ষণ আর অগোছালো ফুটবল খেলে ২-১ গোলে হেরে গেল জিনেদিন জিদানের দল।
আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার রাতে আলভেসের হয়ে দুই গোল করেন লুকাস পেরেস ও হোসেলু। শেষের দিকে ব্যবধান কমান রিয়াল ফুটবলার কাসেমিরো।
চলতি লিগে সময়টা ভালো যাচ্ছে না রিয়ালের। শেষ তিন ম্যাচে দুটিতেই হারল স্প্যানিশ চ্যাম্পিয়নরা, বাকিটিতে ড্র। অন্যদিকে রিয়ালকে হারানো আলভেস দারুণ ছন্দে আছে। এই নিয়ে পাঁচ ম্যাচে অপরাজিত আলভেস।
গতকাল ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। স্বাগতিকদের ডি-বক্সে ডিফেন্ডার নাচো ফার্নান্দেসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই সুযোগে আলভেসকে এগিয়ে নেন পেরেস।
এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকবার এগিয়ে যায় আলভেস। ৪৯ মিনিটে রিয়াল গোলরক্ষককে বোকা বানিয়ে নিচু শটে স্কোরলাইন ২-০ করেন হোসেলু।
ব্যবধান কমতে মরিয়া রিয়াল অনেক চেষ্টার পর শেষের দিকে জালের দেখা পায়। কিন্তু হার এড়াতে পারেনি রিয়াল। অনেক সুযোগ নষ্ট করার পর শেষ মুহূর্তে ৮৬ মিনিটে একটি গোল শোধ করেন কাসেমিরো।
লিগে ১০ ম্যাচ খেলে পাঁচ জয় ও দুই ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা আলভেসের পয়েন্ট ১৩, তাদের অবস্থান নবম। সবচেয়ে বেশি ২৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল সোসিয়েদাদ। আর ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে বার্সেলোনা।
Tag: English News games

No comments: