যারা স্বাধীনতা মানতে পারেনি, তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা করেছে : হানিফ
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর নিয়ে আজ রোববার জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ। ছবি : এনটিভি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘হেফাজতে ইসলাম বা খেলাফত মজলিসসহ যেসব ধর্মভিত্তিক দল আছে, প্রত্যেকটি দলের শীর্ষ পর্যায়ের নেতারা হয় নিজেরা রাজাকার ছিল অথবা রাজাকার পরিবারের সন্তান। যারা আমাদের স্বাধীনতা মানতে পারেনি, তারাই বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা করেছে। এই ভাস্কর্যে হামলা মানে দেশের ওপর হামলা, জাতির ওপর হামলা এবং সংবিধানের ওপর হামলা।’
কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর নিয়ে আজ রোববার দুপুরে জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সদর আসনের সংসদ সদস্য মো. মাহবুব উল আলম হানিফ। তিনি ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে বলে জানান মাহবুব উল আলম হানিফ।
জেলা প্রশাসক আসলাম হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা এবং প্রশাসনের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরাও মতামত ব্যক্ত করেন।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক।
এদিকে, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ হয়েছে। পুলিশ আনুষ্ঠানিকভাবে ফুটেজ প্রচার না করলেও ৫৫ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ছাড়া আরো দুটি ভিডিওতে ভাঙচুরকারী দুজনের আসা এবং যাওয়ার দৃশ্য রয়েছে।
এ ঘটনায় কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিনের দেওয়া অভিযোগটি এখনো মামলা হিসেবে রেকর্ড হয়নি। তবে চারজনকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
Tag: politics Zilla News

No comments: