ভিয়েতনামের জঙ্গলে ৪১ বছর লুকানো এক জীবন কোনো স্কুল বা আধুনিক জীবনের ছোঁয়া ছাড়াই
ভিয়েতনামের জঙ্গলে লুকানো এক জীবন — হো ভ্যান ল্যাং-এর গল্প
ভিয়েতনামের ইতিহাসে এক অনন্য চরিত্র ছিলেন হো ভ্যান ল্যাং, যিনি প্রায় ৪১ বছর জঙ্গলের গভীরে কাটিয়েছেন সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে। ছোটবেলায় ভিয়েতনাম যুদ্ধের সময় বোমা হামলায় তাঁর গ্রাম ধ্বংস হলে, তাঁর বাবা তাঁকে নিয়ে পালিয়ে যান জঙ্গলে। সেখানেই তিনি বড় হন, কোনো স্কুল বা আধুনিক জীবনের ছোঁয়া ছাড়াই।
জীবনধারণের জন্য তিনি গাছের কাঠ দিয়ে সরঞ্জাম তৈরি, গাছের ছাল দিয়ে পোশাক বোনা, আর বাঁশ দিয়ে আশ্রয় নির্মাণ করতেন। তাঁর বাবা বিশ্বাস করতেন—মানুষ থেকে দূরে থাকলেই নিরাপদ থাকা যাবে। তাই ছেলেকে সমাজ, প্রযুক্তি কিংবা সম্পর্কের বিষয়ে কিছুই জানাননি। এমনকি ল্যাং জানতেন না পৃথিবীতে নারীও আছে—এমন তথ্যও তাঁর কাছে অজানা ছিল।
২০১৩ সালে স্থানীয় মানুষ তাঁকে আবিষ্কার করলে প্রথমবার তিনি বাইরের জগত দেখেন। তখন প্রযুক্তি, সামাজিক নিয়ম কিংবা নারী-পুরুষের পার্থক্য—সবকিছুই তাঁর কাছে নতুন ও অচেনা ছিল।
২০২১ সালে মাত্র ৫২ বছর বয়সে হো ভ্যান ল্যাং মৃত্যুবরণ করেন। তাঁর জীবন কাহিনি শুধু বিচ্ছিন্নতার নয়, বরং প্রমাণ করে মানুষ প্রকৃতির সাথে খাপ খাইয়ে টিকে থাকতে পারে। তবে দীর্ঘসময় সমাজ থেকে বিচ্ছিন্ন থাকলে মানসিক ও সামাজিক বিকাশ কতটা সীমাবদ্ধ হতে পারে, তাঁর গল্প সেটিও মনে করিয়ে দেয়। গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।

No comments: