কানসাটে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত ,
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাটে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে মতিউর রহমান নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে, তিনি সাম্প্রতিক সহিংসতা ও বোমা হামলার সাথে জড়িত ছিলেন। তবে বিএনপি তাকে নিজেদের কর্মী দাবি করে তাকে হত্যার অভিযোগ করেছে।
র্যাবের সদর দপ্তর জানিয়েছে, শুক্রবার ভোররাতে কানসাটে সন্ত্রাসীদের সাথে র্যাব-৫ সদস্যদের বন্দুক যুদ্ধে মতিউর রহমান নিহত হন।
র্যাব জানিয়েছে, বৃহস্পতিবার কানসাট থেকে মতিউরসহ তিনজনকে আটক করা হয়। শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে তাকে নিয়ে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে একটি আমবাগানে গেলে, তার সহযোগীরা র্যাবের উপর হামলা করে।
এ সময় পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে সে নিহত হয়েছে বলে তারা দাবি করেছে। ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র, গুলি আর বোমাও উদ্ধার করা হয়েছে।
স্থানীয় নেতাদের বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম বলছে, মতিউর রহমান যুবদলের সাথে জড়িত ছিলেন।
তবে ধরে নিয়ে হত্যা করা হয়েছে বলে চাঁপাইনবাবগঞ্জের একজন বিএনপি নেতা দাবি করেছেন।
মতিউর রহমানের বিরুদ্ধে গাড়িতে আগুন, ভাংচুর, বোমা হামলা আর পুলিশের উপর হামলার অভিযোগ রয়েছে বলে র্যাব জানিয়েছে।
No comments: