অবরোধের ষষ্ঠ দিনে ঢাকায় বাসে, চট্টগ্রামে লেগুনায় আগুন ,
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধের ষষ্ঠ দিনে বিকাল পর্যন্ত ঢাকায় একটি বাস এবং চট্টগ্রামে একটি লেগুনায় অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। একই সময়ে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার সামনে লেগুনাতে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত অফিসার শাহজাদী সুলতানা জানান, রোববার বিকাল ৪টার দিকে জাবালে নূর পরিবহন নামে বাসটিতে আগান দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পাঠানো হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করার চেষ্টা করেছিল। তবে পুলিশ তৎপর থাকায় বাসে অগ্নিসংযোগ করতে পারেনি দুর্বৃত্তরা।
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার সামনে লেগুনাতে আগুন দেয়া হয়। চান্দগাঁও ধানার এসআই মো. মিজানুর রহমান বলেন, কয়েকজন দুর্বৃত্ত লেগুনাটিতে আগুন দিলে আশপাশের লোকজন তা নিভিয়ে ফেলে। ওই সময় গাড়িটিতে কোনো যাত্রী ছিল না বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
গত ৫ জানুয়ারি খালেদা জিয়া অবরোধ ডাকার পর থেকেই বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ ঘটছে। পুলিশ এজন্য অবরোধকারীদের দায়ী করলেও বিএনপির দাবি, সরকারই এই নাশকতা চালাচ্ছে।
অবরোধের পঞ্চম দিন শনিবার রাজধানীতে অন্তত ১০টি গাড়িতে আগুন দেয়া হয়। আগের দিন পোড়ানো হয় ১০টি যানবাহন। বৃহস্পতিবার আগুন দেয়া হয় তিনটি বাসে। তার আগে মঙ্গলবার রাজধানীতে আগুন দেয়া হয় ছয়টি গাড়িতে। বুধবার সারাদিন মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পরপরই চারটি বাস পোড়ানো হয়।
No comments: