পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর কল্যাণ ট্রাস্টের ফান্ডের জন্য বর্ধিত চাঁদার গেজেটের কার্যকারিতা স্থগিত
পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর দাবীর মুখে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের ফান্ডের জন্য বর্ধিত চাঁদার গেজেটের কার্যকারিতা স্থগিত করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার (১৯ জুলাই) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পূর্বের নিয়মে দুই ফান্ডের জন্য মোট ৬ শতাংশ টাকা কাটা হবে। নতুন গেজেটের কার্যকারিতা স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। কল্যাণ ও অবসর সুবিধার ফান্ডে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী বেতন-ভাতার সরকারি অংশ থেকে প্রতিমাসে মোট ১০ শতাংশ টাকা চাঁদা বাবদ কর্তন করতে গেজেট জারি করা হয় জুন মাসের ১৫ ও ২০ তারিখে। নতুন গেজেট অনুযায়ী কল্যাণট্রাস্টের চাঁদা ২ শতাংশ থেকে বাড়িয়ে ৪ এবং অবসরের চাঁদা ৪ থেকে ৬ শতাংশ করা হয়েছে। গেজেটে স্বাক্ষর করেন শিক্ষাসচিব মো: সোহরাব হোসাইন। তিনি পদাধিকার বলে অবসর ও কল্যাণের চেয়ারম্যান।
গেজেট স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষক সংগঠনগুলো
বর্ধিত চাঁদার গেজেট জারির পর বিভিন্ন শিক্ষক সংগঠন মানবন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দিয়েছেন। তাদের যুক্তি ৫ শতাংশ প্রবৃদ্ধি ও বৈশাখী ভাতা দেয়নি সরকার কিন্তু চাঁদার পরিমাণ বাড়িয়ে দিয়েছে যা অনুচিত হয়েছে। তাই গেজেট বাতিলের দাবীতে এককাট্টা হয়েছেন সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী
অবসরের পরপরই টাকা পাওয়ার কথা থাকলেও এ জন্য এখন তাঁদের চার বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়।
