বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার ধনকুণ্ডি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন— গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মগরাগঞ্জ গ্রামের প্রয়াত আব্দুর রশিদের ছেলে আব্দুল জলিল (৬৫)।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, বেলা ১২টার দিকে ধণকুণ্ডি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বর্ণালী স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিল নামে একজন নিহত হন।
তিনি জানান, দুর্ঘটনায় গুরুতর আহত ছয়জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর আরও দুইজন মারা যান। তবে তাদের পরিচয় জানা যায়নি।
বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আশুতোষ চক্রবর্তী তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক।
