ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত আন্দোলনের মুখে সাত কলেজের পরীক্ষার নোটিশ
আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে নোটিশ আকারে জানানো হয়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খন্দকার আজ বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাবির অধিভূক্ত সাতটি কলেজের পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নেওয়া হবে। বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব কলেজের বিভিন্ন পরীক্ষার সময় ঠিক করা হয়।
সে অনুযায়ী, মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে। এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট (রেজি.) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ আগস্টের মধ্যে হতে পারে বলে ওই সভায় সিদ্ধান্ত হয়।
এর আগে আজ সকালে রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে শাহবাগে অবস্থান নেয় ওই সাত কলেজের শিক্ষার্থীরা। পরে দুপুরের দিকে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে ও লাঠিপেটায় তিন শিক্ষার্থী আহত হয়েছেন। আটকও করা হয় কয়েক জনকে।
