আইপিএলের ইতিহাসে সেরা স্কোর নাইটদের
ইন্দোর: ‘ডু অর ডাই’ ম্যাচে স্বপ্নের ব্যাটিং নাইটদের! কিংস বোলারদের পিটিয়ে আইপিএলের ইতিহাসে নিজেদের সেরা স্কোর করল কেকেআর৷ হোলকার স্টেডিয়ামে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ৬ উইকেটে ২৪৫ রান তোলে কলকাতা নাইট রাইডার্স৷ আইপিএলের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ স্কোর৷
খাদের কিনারায় দাঁড়িয়ে স্বপ্নের উড়ানে উড়ল নাইটদের ব্যাটিং৷ চলতি আইপিএলে তো বটেই গত ১০ বছরে নিজেদের পারফরম্যান্সকেও ছাপিয়ে গেলেন নাইটরা৷ আইপিএলের অভিষেক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিন উইকেটে ২২২ রানই ছিল এতদিন কেকেআর-এর সেরা স্কোর৷ এদিন তাকে ছিপিয়ে গিয়ে নাইটদের সংগ্রহ ২৪৫৷ শুধু তাই নয়, আইপিএলের ইতিহাসেও এটি চতুর্থ সর্বোচ্চ স্কোর৷ আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ স্কোর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গোলোরের ২৬৩৷
হোলকার স্টেডিয়ামে টস জিতে নাইটদের ব্যাটিং করতে পাঠান কিংস অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন৷ মরণবাঁচন ম্যাচে শুরু থেকেই লড়াইয়ে ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন কেকেআর ব্যাটসম্যান৷ দুই ওপেনার সুনীল নারিন ও ক্রিস লিন স্বভাবছন্দ ঢংয়ের ইনিংস শুরু করেন৷ তবে লিনের থেকেও বেশি আক্রমণাত্মক ছিলেন নারিন৷ লিন ১৭ বলে ২৭ রান করে ডাগ-আউটে ফিরলেও ২৬ বলে হাফ-সেঞ্চুরি করে কেকেআর-এর ইনিংসকে শক্ত ভিতে দাঁড় করিয়ে দেন ক্যারিবিয়ান অফ-স্পিনার৷ আইপিএলের ইতিহাসে এটি নারিনের তৃতীয় হাফ-সেঞ্চুরি৷ চলতি আইপিএলে দ্বিতীয়৷ শেষ পর্যন্ত ৩৬ বলে চার ছক্কা ও ন’টি বাউন্ডারির সাহায্যে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেন নারিন৷
নারিন যেখানে শেষ করেন, সেখান থেকে শুরু করেন ক্যাপ্টেন কার্তিক৷ ২৩ বলে তিনটি ছয় ও পাঁচটি চারের সাহায্যে ৫০ রানের ঝোড়ো ইনিংস খেলেন কেকেআর ক্যাপ্টেন৷ এছাড়াও আন্দ্রে রাসেল ১৪ বলে ৩১, রবিন উথাপ্পা ১৭ বলে ২৪, শুভমন গিল ৮ বলে অপরাজিত ১৬ এবং জ্যাভন শার্লস ইনিংসের শেষ বলে ছক্কা মেরে নাইট ইনিংসকে সেরা স্কোরে পৌঁছে দেন৷ আইপিএল অভিষেকে প্রথম বলে ছক্কা মেরে নজির গড়লেন নাইটদের এই ক্যারিবিয়ান পেসার৷

No comments: