আকাশেই ইজরায়েলের সব মিসাইল পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে’
দামাস্কাসঃ ইজরায়েলের সামরিক বাহিনী সিরিয়ার ওপর সকালে যেসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার বেশিরভাগই সফলভাবে বাধা দেওয়া হয়েছে। এবং আকাশেই তা ধ্বংস করা হয়েছে। এমনটাই জানিয়েছে সিরিয়ার সামরিক কমান্ড।
সিরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানিয়েছেন, ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় একটি রাডার স্টেশন এবং একটি অস্ত্র ডিপো ধ্বংস হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয় নি ওই বিবৃতিতে। এতে আরও বলা হয়েছে, ইজরায়েলি হামলায় সিরিয়ার তিন ব্যক্তি নিহত এবং কয়েকজন আহত হয়েছে। সিরিয় সেনাবাহিনীর মুখপাত্র বিবৃতিতে বলেন, “তার দেশের সেনারা মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার জন্য সতর্ক ও প্রস্তুত রয়েছে। সন্ত্রাসবাদের প্রতি ইজরায়েলের সমর্থন ব্যর্থ বলেও প্রমাণ হয়েছে।”
এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, ইজরায়েল ২৮টি যুদ্ধবিমানের সাহায্যে মোট ৭০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এবং দামেস্ক এর অর্ধেক ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়। সকালে সিরিয়ার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইজরায়েল। এই হামলাকে কয়েক দশকের মধ্যে সিরিয়ার ওপর সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে। ইজরায়েল দাবি করছে, অধিকৃত গোলান মালভূমিতে তাদের সেনা অবস্থানে সিরিয়া থেকে ২০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর পাল্টা জবাব হিসেবে তেল আবিব সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

No comments: