গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার ১১
গোপালগঞ্জে সাবেক ইউপি মেম্বারের করা গুলিতে এস.এস.সি পরীক্ষার্থী রনি হাওলাদার নিহতের ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আরো ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে এ হত্যা মামলায় ২৪ আসামীর মধ্যে ১৫ জনকে পুলিশ গ্রেফতার করতে পেরেছে।
গ্রেফতারকৃদের সকলের বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রামে। তাদেরকে বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাত ৪টার দিকে পুলিশ ঢাকা খুলনা মহাসড়কের সদরের হরিদাসপুর ব্রিজের কাছ থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে আজ জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম। বাকী আসামীদেরকেও তাড়াতাড়ি গ্রেফতার করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারী শেখ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাবেক ইউপি মেম্বার আজিজুল শেখ বন্দুক দিয়ে গুলি ছুঁড়লে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
Tag: Zilla News

No comments: