ট্রাম্পকে হুঁশিয়ার করলেন ট্রুডো
করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবার বিরোধে জড়ালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রীতিমত ট্রাম্পকে প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি কানাডায় মাস্ক ও কৃত্রিম নিঃশ্বাস গ্রহণের যন্ত্র রফতানি বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এ পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারে কানাডা।
ট্রুডো আরও বলেন, করোনা মোকাবিলায় অটোয়ার চিকিৎসা সাহায্যের ওপর নির্ভরশীল যুক্তরাষ্ট্র। ঠিক সে সময়ে দেশটির জনগণের জন্য মাস্ক ও পিপিই পাঠাতে বাধা দেয়া উচিত হয়নি তাদের। এ পদক্ষেপের বিরুদ্ধে অটোয়া প্রতিশোধমূলক ব্যবস্থা নিলে ওয়াশিংটন মারাত্মক ক্ষতির শিকার হবে।
সম্প্রতি মাস্ক ও চিকিৎসা সামগ্রী নির্মাণকারী মার্কিন প্রতিষ্ঠান ‘থ্রিএম’কে কানাডা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে রফতানি বন্ধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ব্যাপারে থ্রিএম কোম্পানির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে জানানো হয়, এ ধরনের পদক্ষেপ নেয়া হলে বিশ্বের অন্যান্য দেশও পাল্টা পদক্ষেপ নিতে পারে।
বিশ্বব্যাপী হাসপাতালগুলো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। এছাড়া হাসপাতালগুলো মারাত্মকভাবে মাস্ক, পিপিই (ব্যক্তিগত সুরক্ষা পোশাক) ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর অভাবেও ভুগছে। ঠিক সে সময়েই এমন নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
সূত্র: পার্সটুডে
Tag: others

No comments: