যে করেই হোক ভারতের সঙ্গে সিরিজ খেলতে চান অজি ওপেনার জো বার্নস
করোনার কারণে ভারতের অস্ট্রেলিয়া সফর বাতিল হলে, তা হবে দুঃখজনক। যে করেই হোক কোহলিদের সঙ্গে সিরিজটা হোক তা চান অজি ওপেনার জো বার্নস। অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে থাকতে পেরে ক্যারিয়ার নিয়ে বেশ নির্ভার তিনি। করোনা পরিস্থিতির উন্নতি হলে মাঠে ফিরবে ক্রিকেট এমনটাই চাওয়া বার্নসের। ব্যাট হাতে জ্বলে উঠতে অধীর অপেক্ষা আছেন তিনি। সম্প্রতি মাঠে লালা ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। ক্রিকেটের স্বার্থে এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বার্নস।
করোনায় বন্ধ খেলাধুলা। মাঠে যাওয়ার উপায় নেই তাই বাড়িতেই স্যার ডোনাল্ড ব্রাডম্যানের মত কিংবদন্তী ক্রিকেটারদের খেলা দেখে সময় কাটছে অস্ট্রেলিয়ান ওপেনার জো বার্নসের। রান্নাটাও বেশ ভালই করেন। লকডাউনে নাকি সেটা আরো ভালভাবে রপ্ত করেছেন। বাড়ির গ্যারেজে অনুশীলনও চালিয়ে যাচ্ছেন নিয়মিত।
তবে, বাড়িতে যতই ফিটনেস ঠিক রাখার চেষ্টা হোক না কেন? মাঠের লড়াইয়ে তো আর ফেরা যাচ্ছে না। তাই মনটা বেশ খারাপ বার্নসের। ক্রিকেট ফিরতে অধীর অপেক্ষায় দিন গুণছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার জো বার্নস জানান, নিউজিল্যান্ডের বিপক্ষে জানুয়ারিতে সবশেষ মাঠে নেমেছিলাম।এরপর থেকে আর খেলা হয়নি। করোনার কারণে বন্ধ হযে গেছে সব দরজা। কিন্তু এভাবে আর দিন কাটাতে ভাল লাগছেনা। মাঠে ফিরতে চাই আমি। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাট হাতে রানের ফোয়ারা ছোটাতে চাই আমি। আশা করছি শিগগিরই সে স্বপ্ন পূরণ হবে। পৃথিবী আবারো স্বাভাবিক হবে।
২০১৪ সালে অভিষেকের পর থেকে মিশ্র একটা সময় পার করছেন বার্নস। কখনো জাতীয় দলের দরজা খোলে তো আবার বন্ধ হয়। গেল বছর অ্যাশেজে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ার পর আবারো ফিরেছেন দলে। কেন্দ্রীয় চুক্তিতেও তাকে রেখেছে বোর্ড। তাই ক্যারিয়ার নিয়ে কিছুটা নির্ভার আছেন বার্নস। শারীরিক অসুস্থতার কারণে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ারের হয়ে মাত্র এক ম্যাচ খেলেই ফিরে আসতে হয়েছিলো। সে ক্ষত এখনও হৃদয়ে আছে বার্নসের। আবারো কাউন্টিতে খেলতে চান এই ওপেনার।
জো বার্নস জানান, কেন্দ্রীয় চুক্তিতে আছি। এটা আমাকে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। কাউন্টিতে খেলতে পারলে ফর্মের ধারাবাহিকতা ধরে রাখা যায়। আমি আবারো কাউন্টিতে খেলতে চাই।
বছরের শেষ দিকে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে। করোনা পরিস্থিতির উন্নতি না হলে, সফরটা বাতিলও হয়ে যেতে পারে। কিনউত এমনটা চান না বার্নস। ভারতের মত দলের সঙ্গে খেলতে উন্মুখ হয়ে আছে পুরো অস্ট্রেলিয়া দল।এমনটাই মত বার্নসের। সে সঙ্গে মাঠে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড থুথু বা লালা ব্যবহারের যে নিষেধাজ্ঞা দিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন আছে বলেও জানান বার্নস।
বার্নস আরো জানান, ভারতের সঙ্গে সিরিজটা বাতিল হলে তা হবে দু:খজনক। কোহলিদের সঙ্গে খেলতে পারাটা সব সময়ই চ্যালেঞ্জিং। মাঠে লালা ব্যবহারে পেসারদের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে বোর্ড। আমার এর প্রতিপূর্ণ সমর্থন রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ক্রিকেটার ও সমর্থক সবাই এটার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ২১টি টেস্টে ১৩৭৯ রান করেছেন বার্নস।
Tag: others

No comments: