বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ-মানববন্ধন
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে চাঁদপুরে আজ রোববার মানববন্ধন করেছে জেলা আওয়ামী লীগ।
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো।
ঢাকার বাইরে থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
নাটোর : নাটোরের বিভিন্ন স্থানে আজ রোববার বিক্ষোভ সমাবেশ করা হয়। সকালে সিংড়ায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ ছাড়া বাগাতিপাড়া উপজেলার বিহারকোল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রেলগেটে গিয়ে শেষ হয়। বিক্ষোভের আয়োজন করা হয়েছে নাটোর জেলা সদরেও।
মাগুরা : বেলা ১১টার দিকে শহরের জামরুলতলা দলীয় কার্যালয় থেকে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ের সেগুন বাগিচার পথ-সমাবেশে মিলিত হয়। মিছিলে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পংকজ কুমার কুন্ডু, সহসভাপতি আবু নাসির বাবলু, সাংগঠনিক সম্পাদক খুরশিদ হায়দার টুটুল, সদর থানার সভাপতি আশরাফুল ইসলাম বাবুল ফকির, পৌর শাখার সভাপতি বাকি ইমাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘যেকোনো মূল্যে এ দেশের মৌলবাদী শক্তিকে প্রতিহত করে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিস্থাপন করা হবে।’
ঝালকাঠি : কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিল, সাংস্কৃতিককর্মী আবু সাঈদ খান, গোলাম সাঈদ ও উজ্জ্বল মজুমদার।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে বিএনপি-জামায়াত প্রমাণ করতে চায়, তারা মৌলবাদে বিশ্বাসী। অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না তারা।’ বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙে ফেলেছে, তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে।
এদিকে একই দাবিতে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের অপর একটি গ্রুপ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান সেন্টু, সাধারণ সম্পাদক দুলাল কৃষ্ণ দাস ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার।
এ ছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের নেতৃত্বে গতকাল শনিবার রাতে শহরে বিক্ষোভ মিছিল করে যুবলীগ।
জয়পুরহাট : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জয়পুরহাটে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নাগরিক কমিটির সহসভাপতি অ্যাডভোকেট ঋষিকেশ সরকার, অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী, কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা দেওয়ান মো. বদিউজ্জামান বদি প্রমুখ।
চাঁদপুর : ‘সারা বাংলায় এক আওয়াজ, রুখে দাও মৌলবাদ জঙ্গিবাদ’—এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর পুরোনো বাসস্ট্যান্ড মাঠে আজ দুপুরে তিন ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নঈম পাটোয়ারী দুলালসহ অন্য নেতারা।
মানববন্ধনে শহরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারাও উপস্থিত ছিলেন
, পিরোজপুর : ‘বিএনপি-জামাত মদদপুষ্ট উগ্র মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাড়াও’—এই স্লোগানে পিরোজপুরে আজ দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পিরোজপুর জেলা শাখা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান বাদশা, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শফিউল হক মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল পারভেজ রাজা প্রমুখ।
এর আগে জেলা যুবলীগ ও ছাত্রলীগও মিছিল সমাবেশ করে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফুলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শিকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহিরুল হক টিটু, পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল শিকদার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল প্রমুখ।
Tag: others Zilla News


No comments: