ওবায়দুল কাদেরের সবশেষ অবস্থা
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি (রেসপিরেটরি মেডিসিন) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেছেন, তার শারীরিক অবস্থা এখন ভালো। তিনি সুস্থ আছেন এবং চাইলেই এখন বাসায় যেতে পারবেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
তিনি বলেন, দিনদিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চাইলে তিনি এখন বাসায় যেতে পারেন। তবে আমরা বলেছি সার্বিক পর্যবেক্ষণের জন্য আর দুই একদিন হাসপাতালে থাকার জন্য। এতে তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করা যায়।
ডা. আতিকুর রহমান বলেন, আমরা মনে করি এ অবস্থায় ওনার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। তিনি যে কর্মমুখী মানুষ, হাসপাতাল থেকে বের হয়ে গেলেই আবার নানা কাজে ব্যস্ত হয়ে যাবেন। আবার এ মুহূর্তে বাসায় চলে গেলে শারীরিক পরীক্ষার জন্য পুনরায় আসতে হবে, তাই বলেছি কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার জন্য।
উল্লেখ্য, ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে নেতৃত্বে দিচ্ছেন, বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ।
আরও পড়ুন: রমনা কালীমন্দির উদ্বোধন করলেন ভারতের রাষ্ট্রপতি (ভিডিও)
অন্যদের মধ্যে রয়েছেন; প্রো-ভিসি একেএম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।
গত মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের।
এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
এ ছাড়া আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার পরামর্শ দেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত বছরের ৩১ জানুয়ারিতে শ্বাসকষ্ট নিয়ে বিএসএমএমইউ-তে ভর্তি হন ওবায়দুল কাদের।
ওইদিন ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। বৈঠকে যোগ দিতে সকাল ১০টার দিকে সেখানে পৌঁছান ওবায়দুল কাদের। সে সময় শ্বাসকষ্ট অনুভব হওয়ায় ১০ মিনিট পর কার্যালয় থেকে বের হয়ে যান। পরে সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যান তিনি।
এর আগে ২০১৯ সালের ৩ মার্চ শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের।
সেখানে এনজিওগ্রাম পরীক্ষা করার পর তার করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়।
এরপর ২০ মার্চ মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মন্ত্রীর বাইপাস সার্জারি সম্পন্ন হয়। সেখানে দীর্ঘ এক মাস চিকিৎসা নেওয়ার পর ওই বছরের ৫ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়া পান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
Tag: English News lid news politics
No comments: