এলাকার মানুষ চাইলে ভবদহ সমস্যার সমাধান সম্ভব : শাজাহান খান
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ভবদহকে জাতীয় সমস্যা হিসেব অভিহিত করে বলেছেন, এলাকার মানুষ চাইলে ভবদহ সমস্যার সমাধান সম্ভব।
তিনি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদেও উদ্দেশে বলেন, ‘এটি নিয়ে আপনারা যদি ব্যবসা করতে চান, তাহলে যুগের পর যুগ আপনাদের এই দুঃখ-দুর্দশা থেকেই যাবে।’
মন্ত্রী আজ শুক্রবার যশোরের ভবদহ সমস্যা বিষয় নিয়ে ‘সাউথ এশিয়ান পিপলস্ কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ভববদহ কলেজ মাঠে অনুষ্ঠিত এ কনফারেন্সে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার।
শাজাহান খান বলেন, জনগণের সমর্থন ছাড়া কোন কাজ চূড়ান্তভাবে করা সম্ভব নয়।
বঙ্গবন্ধু মানুষের সমর্থন, ভালবাসা নিয়েই দেশ স্বাধীন করেছেন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এদেশের জনগণের ভালবাসা নিয়েই আজ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন। জনগণকে সঙ্গে নিয়েই আজ দেশ উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে জনগণের জন্য কিছুই দিতে পারেনি। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে প্রকৃত ডিলারদের বাদ দিয়ে তার দলীয় লোকদের হাতে সার বণ্টনের দায়িত্ব তুলে দেন। আর এজন্য সার না পেয়ে জনগণ আন্দোলনমুখী হয়ে উঠে। পুলিশ ওই সময় সারের দাবিতে আন্দোলনকারী ১৭ কৃষককে গুলি করে হত্যা করে।

No comments: