সানরাইজার্স ম্যাচের মাঝে জাদেজার দিকে কেন বল ছুঁড়লেন ধোনি!
পুনে: শেষ তিন ম্যাচের মধ্যে কেকেআর ও রাজস্থানের বিরুদ্ধে পরে বোলিং করে ডুবেছে চেন্নাই৷ সেকারণেই এদিন টসে জিতে সানরাইজার্সের বিরুদ্ধে প্রথমে বোলিং নেন মাহি৷ এরপরই ম্যাচের মাঝে জাদেজাকে লক্ষ্য করে বল ছোঁড়ার চেষ্টা করেন ‘মিস্টার কুল’৷
সানরাইজার্সদের ব্যাট চলাকালীন হরভজনের ওভারের শেষ বলটিকে শিখর ধাওয়ান লেগ সাইডে ঠেলে দিয়ে দু’রান নেওয়ার চেষ্টা করেন৷ ডিপ মিড উইকেট থেকে রবীন্দ্র জাদেজা রান আটকানোর জন্য ছুটে আসেন৷ কিন্তু তাঁর আগেই বলের কাছে পৌঁছে গিয়ে রান আটকে দেন উইকেট কিপার ধোনি৷ এরপরই বল হাতে পেয়ে উইকেটের দিকে না ছুঁড়ে পাশে দাঁড়িয়ে থাকা জাদেজার দিকে বল ছোঁড়ার নকল প্রয়াস করেন চেন্নাই অধিনায়ক৷
ম্যাচের মাঝে ধোনির হঠাৎ করা এই মজায় ঘাবড়ে গিয়ে বলের আঘাত থেকে বাঁচার চেষ্টা করেন সুপার কিংসের বাঁ-হাতি অলরাউন্ডার৷ পরে অবশ্য তিনি বুঝতে পারেন তাঁর সঙ্গে মজা করছেন মাহি৷ জাদেজার হঠাৎ ভয় পাওয়াতে অবশ্য হাসতে থাকেন চেন্নাই অধিনায়ক৷
রবিবার ধাওয়ানের ৭৯ এবং রান উইলিয়ামসনের ৫১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে সানরাইজার্স৷ জবাবে রায়ডুর ধুঁয়াধার ব্যাটিংয়ে ভর করে এক ওভার বাকি থাকতে সহজে ম্যাচ জিতে নিল ধোনিবাহিনী৷ ১২ ম্যাচে ৮টি জয়ে ১৬ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট টেবলে দু’নম্বরে থাকল চেন্নাই সুপার কিংস৷

No comments: