বিশ নভেম্বর থেকে সরকারি ধান চাল কেনা শুরুর কথা থাকলেও এখনও তা পুরোপুরি শুরু হয়নি। এর মধ্যেই কমে গেছে ধানের দাম। উত্তরাঞ্চলের বিভিন্ন হাটে চাষিদের মনপ্রতি ৮০ থেকে ৯০ টাকা লোকসানে ধান বিক্রি করতে হচ্ছে। মিল মালিকরা ধান না কেনায় দাম কমছে- বলছেন তারা।
শস্যভান্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের জেলাগুলোতে নভেম্বরের শুরতে মান এবং জাতভেদে প্রতি মণ আমন বিক্রি হয়েছে সাড়ে ৭শ থেকে ৮শ টাকা দরে। দুই সপ্তাহের ব্যবধানে দাম নেমে এসেছে ৭শ টাকার নিচে।
এ জন্য মিল মালিকদের দুষছেন চাষিরা। তাদের অভিযোগ, সরকার এবং চালকল মালিকরা ধান না কেনায় প্রতিদিনই কমছে দাম। ভাল দাম না পেয়ে অনেকেই ধান রেখে দিচ্ছেন ঘরে।
২০ নভেম্বর সরকারি ধান চাল ক্রয় কর্মসূচি শুরু হলেও মিল মালিকরা এখনও কোনো বরাদ্ধ পাননি। তাদের দাবি, মিলারদের গুদামে এখনো পড়ে আছে বিপুল পরিমাণ চাল।
এবার সরাসরি চাষিদের কাছ থেকে ২৬ টাকা কেজি ধরে ৬ লাখ মেট্রিক টন ধান কিনছে সরকার। আর ৩৬ টাকা কেজি দরে ৪ লাখ মেট্রিকটন চাল কেনার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মিল মালিকরা বরাদ্দ পেলে স্থিতিশীল হবে ধানের দাম।
ন্যায্য ধানের দাম না পাওয়ায় হতাশ কৃষকরা
Tag: others

No comments: