তামিমের লাইভ আড্ডায় রুবেল-তাসকিন
জীবনের অনাকাঙ্খিত ঘটনার কারণে জেদ করে ২০১৫ বিশ্বকাপ খেলেছিলেন। সাকিবের পরামর্শ, ভালো খেলার অনুপ্রেরণা জুগিয়েছে। তামিমের সঙ্গে লাইভ আড্ডায় এমন গল্প ভাগাভাগি করেছেন পেসার রুবেল হোসেন। নিজের প্রথম বিপিএল খেলার সময় মাঠের মধ্যেই তাসকিন বলতেন, আমি মাশরাফী হবো। একবার নাচতে গিয়ে দাঁত খুলে পড়ে গিয়েছিলো রুবেলের। এমন আরো অনেক মজার ঘটনা শেয়ার করেছেন ক্রিকেটাররা।
আড্ডার শুরুতে তামিমের রসিকতা.. তামিম বললেন, রুবেল তোমাকে হেভি হ্যান্ডসাম লাগছে, রুবেলের উত্তর, আমি সবসময় হ্যান্ডসাম ভাই।
খারাপ সময়টাকে একটু আনন্দময় করে তুলতে তামিমের লাইভ আড্ডা। মুশফিক-রিয়াদ-মাশরাফীর পর রুবেল তাসকিন। অনানুষ্ঠানিক এ আড্ডায় উঠে আসে অজানা অনেক গল্প। কিন্তু তাতে যদি ব্যক্তিগত জীবনের তিক্ত কোনো বিষয় উঠে আসে, সে ভয়ে তামিমকে নাকি আগেই সতর্ক করে রেখেছিলেন রুবেল।
তামিম বলেন, রুবেল আমাকে হুমকি দিয়েছে যে, ওকে যদি বাজে প্রশ্ন করি সে লাইভ থেকে চলে যাবে, রুবেল বলেন, এটা হুমকি না, আমি বলেছি, আমরা যাতে একটু সংযত হয়ে কথা বলি, উল্টাপাল্টা কিছু না বলি।
যেটা নিয়ে কথা বলতে চাননি রুবেল। ঘুরেফিরে সেটাই উঠে এলো আড্ডায়। না এসে আর উপায় কি? মাঠের বাইরের কর্মকাণ্ডে সমালোচিত রুবেল ২০১৫ বিশ্বকাপে দারুণ খেলে দর্শকের মন জয় করেছিলেন। রুবেল বললেন পেছনের গল্প, ভালো খেলার রহস্য।
রুবেল বলেন, আমি জানি ২০১৫ সালে আমার একটা বড় ট্রাজেডি গেছে, ভুল ছিলো আমার। আমি অনেক চিন্তিত ছিলাম যে আমি বিশ্বকাপে যাবো কিনা। আমার ভেতর অন্যরকম একটা জেদ কাজ করছিলো, শক্তি কাজ করছিলো যে আমাকে পারফর্ম করতে হবে। যখন উইকেট পাচ্ছিলাম, তখন মনে হয়েছিলো দিনটা আমার।
তাসকিনের বলে শুরুতে খুব একটা গতি ছিলো না। ধীরে ধীরে নিজেকে তৈরী করেছেন। প্রথমবার বিপিএলে খেলার সময়কার মজার এক গল্প বললেন, তামিম-রুবেল।
তামিম বললেন, তাসকিন বলছিলেন আমি ম্যাশরাফী হবো.....মনে আছে রুবেল?
গল্প আড্ডা আর খুঁনসুটিতে মেতে উঠেন তিন ক্রিকেটার। মাঝে যোগ দেন নাসির হোসেনও।
তাসকিন রুবেল সম্পর্কে বলেন, অনুশীলনের পর আমরা সুইমিং করতে গেছি, নাচতে নাচতে রুবেল ভাইয়ের দাঁত খুলে পড়ে গেছে। পানির মধ্যে খুজেঁ পাচ্ছে না। কে জানি পেয়ে লুকিয়ে রাখছে.....দাঁত ফাকা দেখে, রুবলে ভাই ম্যানেজারকে বলতেছে, আমি কাল খেলবো না। রুবেল বলেন, তাসকিন তুমি বানিয়ে বানিয়ে বলবা না।
ক্রিকেটে উত্থান-পতনের গল্প, খারাপ খেললে দর্শকের সমালোচনা, ভালো করলে বাহবা, আরো কতো কিছুইতো উঠে এসেছে আড্ডায়।
বিশ্বকাপে তামিমের ক্যাচ মিস করা প্রসঙ্গে নাসির বলেন, ড্রেসিংরুমে এসে তামিম বলেছিলেন ক্যাচ নিয়ে অন্তত মজা করবেন না। তামিম যোগ করেন, আল্লাহই জানে কেন বিশ্বকাপ এলে আমার ক্যাচ মিস হয়। এবারো রোহিত শর্মার ক্যাচ ছেড়েছি।
Tag: others

No comments: