শরৎকালে দ্বিতীয় দফায় করোনা আসবে যুক্তরাষ্ট্রে!
মহামারী করোনায় জেরবার যুক্তরাষ্ট্র। জন হপকিন্স বিশ্ব বিদ্যালয়ের তথ্য মতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৬০ হাজার ৮৩৮ জন মানুষ। এছাড়া ৬৭ হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।
এদিকে শরৎকালে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি। সিএনএন অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি ইকোনমিক ক্লাব অব ওয়াশিংটনের একটি ওয়েব সেমিনারে ডা. ফাউচি বলেন, 'আমি নিশ্চিত যে, এ ভাইরাসটি ফের ব্যাপকহারে মানুষকে সংক্রমিত করতে শুরু করবে। কারণ ভাইরাসটি অতি মাত্রায় সংক্রামক এবং বিশ্বব্যাপী তা ছড়িয়ে পড়েছে।'
এমন এক সময় ডা. ফাউচি এমন মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য কর্তৃপক্ষ অর্থনীতি স্বাভাবিক করতে ধীরে ধীরে লকডাউন তুলে নিতে শুরু করেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিসেসের পরিচালক ফাউচি আরও বলেন, 'আমাদের যদি পূর্ব প্রস্তুতি না থাকে তাহলে নিশ্চিতভাবেই আগামী শরৎ ও শীতকাল খারাপ কাটবে।'
উত্তর আমেরিকার আবহাওয়া অনুযায়ী, গ্রীষ্ম থেকে শীতকালে প্রবেশের মধ্যবর্তী পর্যায়কে বলা হয় শরৎকাল। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত শরৎকালের ব্যাপ্তি ধরা হয়। এরপর শুরু হয় শীতকাল।
শুধু ডা. ফুচি নন, যুক্তরাষ্ট্রের আরও অনেক গবেষক দ্বিতীয় দফায় সংক্রমণের বিষয়টি নিয়ে কথা বলছেন।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, মানুষ সাধারণত চারটি সাধারণ করোনাভাইরাসে আক্রান্ত হয়। ১৯৬০- এর দশকের মাঝামাঝি সময় এ করোনাভাইাসগুলো আবিষ্কার করা হয়। যেগুলো সাধারণত শীতকালে মানুষকে আক্রান্ত করে।
Tag: Advertisement Featured

No comments: